ব্রেকিং

x

কাঁদছিলেন কেন বাঁধন?

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | ৭:০২ অপরাহ্ণ |

কাঁদছিলেন কেন বাঁধন?
ছবি: সংগৃহীত

গতকাল বুধবার কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে দর্শক করতালির মধ্যে কান্নায় ভেঙে পড়েন ছবির মূল চরিত্র রেহানাকে বাস্তব করে তোলা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কেন কাঁদছিলেন বাঁধন?

প্রিমিয়ারের পর তাঁর সঙ্গে এ বিষয়ে টেলিফোনে আলাপ হয়। এই অভিনেত্রী বলেন, ‘পুরো সিনেমাটি আমি আগে দেখিনি। নির্মাতা বলেছিলেন, একেবারে উৎসবে দেখতে হবে। চুপচাপ সিনেমাটি দেখছিলাম। প্রথমবারের মতো সিনেমাটি দেখে আমার কষ্ট হচ্ছিল। নিজের চরিত্রটি দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। শুটিংয়ের সময় রেহানা চরিত্রের সঙ্গে এতটাই আত্মস্থ হয়ে গিয়েছিলাম যে সেই সময় চরিত্রটার কষ্টটা আমার নিজেরই মনে হচ্ছিল। আবার দীর্ঘদিন পর পর্দায় রেহানাকে দেখেও খুব কষ্ট হচ্ছিল। সিনেমাটি শেষ হলে চারপাশের দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন) দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি অঝোরে কাঁদতে থাকি।’ নির্মাতা আবদুল্লাহ মোহম্মদ সাদ এই সময় তাঁকে সান্ত্বনা দেন।

স্ট্যান্ডিং ওভেশনই বলে দেয় তাঁর সিনেমা গ্রহণ করেছেন দর্শক। তাঁর আশা, দেশের দর্শকও সিনেমাটি পছন্দ করবেন। তিনি বলেন, ‘ঠিক আমার মনে নেই কত সময় ধরে সবাই করতালি দিচ্ছিলেন। এই মুহূর্তটা আমার জন্য অন্য রকম। আমার জীবনে এমন দিন আর আসবে কি না, জানি না। এই বিরল সম্মানের জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশ্বের দর্শকদের প্রতিক্রিয়ায় বারবার মনে হয়েছে, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। চরিত্রটি নিয়ে যেমন কষ্টে ছিলাম, তেমনি আবার সবার ভালোবাসায় আনন্দও হচ্ছিল। হয়তো সেই জন্যই কান্না সংবরণ করতে পারিনি।’

এই অভিনেত্রীর সঙ্গে কথা বলার সময় বারবার ফিরে যাচ্ছিলেন সালে দিবুসি হলের দর্শক প্রতিক্রিয়ার প্রসঙ্গে। তিনি বলেন, ‘সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক একদমই নীরব ছিলেন। সিনেমা শেষে অচেনা দর্শক আমাদের ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন।’ তাঁরা একাধিকবার বলেছেন, আমরা অনেক ভালো সিনেমা বানিয়েছি। তখন বাংলাদেশের একজন হয়ে গর্বে বুকটা ভরে গেল। এমন একটি সুযোগ দেওয়ার জন্য সাদসহ পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের সিনেমাটি পুরস্কার পেলে হয়তো অনুভূতি প্রকাশের ভাষা হরিয়ে ফেলব। খুশির এমন মুহূর্তে বাঁধনের আরেকটা কষ্টও ছিল। এমন একটা মুহূর্তে মেয়ে পাশে নেই। মেয়ে তখন বাংলাদেশে।

বুধবার বাংলাদেশ সময় ৩টার দিকে লালগালিচায় হাঁটেন রেহানা সিনেমার টিম। নির্মাতা আবদুল্লাহ মোহম্মদ সাদসহ ৭ জন প্রিমিয়ারে অংশ নিয়েছেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com