নিজের রকেট জাহাজ নিউ শেপার্ডে করে মহাকাশ ভ্রমণ শেষে ফিরেছেন বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। তাঁর এই নিউ শেপার্ড এবারই প্রথম কোনো ক্রু ফ্লাইট পরিচালনা করল। ২০ জুলাই চন্দ্র বিজয়ের দিনটিকে মহাকাশ ভ্রমণের জন্য বেছে নিয়েছিলেন বেজোস।
বেজোসের সংস্থা ব্লু অরিজিন এই নিউ শেপার্ড নামের রকেট তৈরি করে। এটি মহাকাশ পর্যটনের জন্য ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণের জন্যই নকশা করা হয়। ২০০০ সালে ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন বেজোস।
বেজোসের এই প্রথম মহাকাশ ভ্রমণে সহযাত্রী ছিলেন তাঁর ভাই মার্ক বেজোস, পথপ্রদর্শক হিসেবে ছিলেন ৮২ বছর বয়সী অভিজ্ঞ মহাকাশচারী ওয়ালি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী একজন শিক্ষার্থী অলিভার ডায়মেন। মোট ১১ মিনিটের মতো ছিল এই ভ্রমণ। তবে এই ভ্রমণের ঘটনার পাশাপাশি আরেকটি মজার বিষয় উঠে এসেছে। তা হলো, যে সময়ে শীর্ষ ধনী জেফ বেজোস পৃথিবীর বাইরে ছিলেন, সেই সময়ে কে ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ নিয়ে রীতিমতো অভিনন্দন জানানোর ধুম পড়ে গেছে। একদল অভিনন্দন জানান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ককে, তো আরেক দল অভিনন্দন জানান ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বারনার্ড আরনল্টকে।
ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ইলন মাস্ক। যেহেতু পৃথিবীর বাইরে ঘুরতে গিয়েছিলেন বেজোস, তাই ওই সময় বিশ্বের শীর্ষ ধনী কে ছিলেন? টুইটারে অনেকের সোজাসাপটা উত্তর—ইলন মাস্ক। কেউ কেউ লেখেন, কিছুক্ষণের জন্য ইলন মাস্ক আবার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন। একজন লেখেন, টেকনিক্যালি জেফ বেজোস আর বিশ্বের শীর্ষ ধনী নন। একজন লেখেন, ইলন মাস্ককে অস্থায়ীভাবে আবার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার জন্য অভিনন্দন।
তবে আরেক দল ঠিক ঠিক নজর রেখেছিল ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকায়। ওই তালিকা অনুযায়ী বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী তখন বারনার্ড আরনল্ট। তাদের মতে, পৃথিবীতে বেজোসের অনুপস্থিতিতে আরনল্টই ছিলেন শীর্ষ ধনী। টুইটে তাঁকেও অভিনন্দন জানান অনেকে। একজনের টুইট ছিল এমন, আজ কয়েক মিনিটের জন্য, গ্রহের ধনী ব্যক্তিরা হলেন: ১. বারনার্ড আরনল্ট (এবং পরিবার) ২. ইলন মাস্ক। ৩. বিল গেটস।
এদিকে ভ্রমণকালীন শীর্ষ স্থান হারিয়ে মোটেও বেজার নন জেফ বেজোস। পরিভ্রমণ শেষে প্রতিক্রিয়ায় জেফ বেজোস আনন্দে চিৎকার করে বলেন, সেরা দিন!
Development by: webnewsdesign.com