চীনের গুয়াংশি প্রদেশে ১৩৩ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান।
সোমবার (২১ মার্চ) চীনা সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানায়। এটি গত কয়েক বছরে চীনের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।
প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংশির উঝুতে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। এর ফলে আশেপাশের এলাকায় আগুন ধরে যায়।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি। তবে এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফ্লাইট এমইউ৭৩৫ স্থানীয় সময় দুপুর দুইটার দিকে কুনমিং বিমানবন্দর থেকে ছেড়ে গুয়াংঝুর দিকে যাচ্ছিলো। বিমানটির দুপুর তিনটা পাঁচ মিনিটে গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ছিল।
তবে মাত্র ঘণ্টাখানেক ওড়ার পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিংয়ের বিভিন্ন ওয়েবসাইট।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটির সর্বশেষ তথ্য পাওয়া যায় দুপুর দুইটা ২২ মিনিটে, তিন হাজার দুইশ’ ২৫ ফুট উচ্চতায় ও ৩৭৬ নট গতিতে।
দুই ইঞ্জিন বিশিষ্ট বোয়িং ৭৩৭ বিমান স্বল্প ও মধ্যম দূরত্বের জন্য অন্যতম জনপ্রিয় বিমান। তবে ২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স মডেলের দুইটি বিমান বিধ্বস্ত হওয়ার পর পৃথিবীব্যাপী এগুলোর ব্যবহার বন্ধ ছিল। চীন গত বছর পুনরায় এগুলোর ব্যবহার চালু করে।
Development by: webnewsdesign.com