ব্রেকিং

x

সরকারকে জাদুঘরে পাঠানোর সময় এসেছে

রবিবার, ১৭ জুলাই ২০২২ | ৬:৫৫ অপরাহ্ণ |

সরকারকে জাদুঘরে পাঠানোর সময় এসেছে
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন, লোডশেডিংকে আমরা মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছি। কিন্তু সেটাতো মিউজিয়ামে যায়নি। বিদ্যুৎ খাতে লুটপাট আর টাকা পাচারের জন্য লোডশেডিং চলছে। এই ব্যর্থতার জন্য এবার সরকারকেই জাদুঘরে পাঠানোর সময় এসেছে। তারা স্বেচ্ছায় না গেলে জনগণই পাঠিয়ে দেবে বলে তিনি মন্তব্য করেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়ে কোনো অংশে ভালো নয়। সরকার দেশে মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করছে। তারা রিজার্ভ থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে। অথচ রিজার্ভ থেকে কোনোভাবেই ঋণ নেয়ার নিয়ম নেই। দেশে অর্থনৈতিক সাম্যের পরিবর্তে বৈষম্য প্রকট। স্বাধীন অর্থনীতি নেই। দেশের অর্থনীতি আজ বিপর্যয়ের মুখে। জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করছে। বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে কুইক মানি লুটে নিচ্ছে।
বিএনপি আগামীতে সরকার গঠন করবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র পুনরুদ্ধার করা। সরকার ইভিএম ব্যবহার করে আবারো জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে চায়। তবে সেটা এবার সম্ভব নয়।

তিনি আরও বলেন, অধ্যাপক এমাজউদ্দিনকে হারিয়ে আমরা জাতীয়তাবাদী শক্তি একজন অভিভাবক হারিয়েছি। বিএনপি হারিয়েছে একজন সুপরামর্শদাতাকে। অধ্যাপক এমাজউদ্দিন শুধু শিক্ষকই ছিলেন না। তার চিন্তা ও দর্শন তিনি তার অসংখ্য বইয়ের মধ্যে রেখে গেছেন। তার জ্ঞানের পরিধি ছিলো বিশাল। তার পরামর্শ ছিলো অমূল্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার বিদ্যুৎ উৎসব করেছে। তারা নাকি লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। এখন নিজেই জাদুঘরে যাওয়ার সময় এসেছে। সরকার একটার পর একটা মিথ্যা কথা বলে চলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার এখনই সময়।

আয়োজক সংগঠন স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অধ্যাপক এমাজউদ্দিন আহমদের মেয়ে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ছেলে জিয়া আহমেদ, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com