সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগাঁও) এলাকার একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন ২ জন। ওই সময় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় ফাটাবিল হাওরে ঘটনা ঘটে।
মৃতরা হলেন লামাগাঁওয়ের মৃত ছইদুল্লাহর ছেলে সিরাজ উদ্দিন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশাদ মিয়া (৪৫)। আহতরা হলেন একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী ও মৃত জহুর আলীর ছেলে নজরল ইসলাম নজই।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানিয়েছেন, নৌকাযোগে রাতে গ্রামের ৪ জন লোক হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়। বজ্রপাতে দুজন মারা যান ও দুজন আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই রোববার দুপুরে দাফন করা হয়েছে।
Development by: webnewsdesign.com