মানসিকভাবে ভেঙে না পড়ার জন্য হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
বুধবার নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় মাশরাফি এ আহ্বান জানান।
মাশরাফি বলেন, শান্তিপ্রিয় নড়াইলে যারা এ ঘৃণিত ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হবে। আপনাদের সাহস বাড়াতে হবে। মানসিকভাবে ভেঙে পড়লে হবে না।
‘আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো’, যোগ করেন মাশরাফি।
এদিন সকালে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর অবস্থানের বার্তা নিয়ে বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে ঢাকা থেকে সড়কপথে দিঘলিয়ার সাহাপাড়ায় পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়ি, দোকানপাট ও মন্দির পরিদর্শন করেন আওয়ামী লীগের নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকদের সঙ্গে কথা বলেন।
পরে দিঘলিয়া সাহাপাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন— নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। সভায় বক্তব্য রাখেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজি, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু ও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা শিবনাথ সাহা, শিক্ষক তরুন সাহা ও দিলীপ সাহা।
গত শুক্রবার দিঘলিয়া সাহাপাড়ার আকাশ সাহার ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুদ্ধ লোকজনকে লাঠিপেটা করে এবং টিয়ারশেল ও শর্ট গানের ফাঁকা গুলি ছোড়ে।
Development by: webnewsdesign.com