রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বাধার মুখে পড়েছেন দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ- ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা ও ধাওয়া দিয়েছেন। ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে’।
ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এই সমাবেশ হওয়ার কথা। সে অনুযায়ী বিপুল সংখ্যক নেতাকর্মীসহ তারা সমাবেশস্থলে যাচ্ছিলেন। আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসহ হামলা চালায়।’ তিনি কোনো রকমে রক্ষা পেয়েছেন বলে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর মিরপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সারা দেশের পর ঢাকার ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এখন পর্যন্ত চারটি জায়গায় সমাবেশ হয়েছে। এর মধ্যে উত্তরার কামারপাড়া সমাবেশেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
Development by: webnewsdesign.com