ব্রেকিং

x

বিনোদন ডেস্ক

মেজর সায়েমের পর ‘দামাল’-এ দুর্জয় সিয়াম

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | ৮:৪৮ অপরাহ্ণ |

মেজর সায়েমের পর ‘দামাল’-এ দুর্জয় সিয়াম
সংগৃহীত ছবি

’পোড়ামন ২’ এর সেই সুজন শাহ চরিত্র দিয়ে শুরু। এরপর তুলা মিয়া, নাসির,স্বাধীন, আশফাকুল মৃধা, শান শামস , আল-আমিন এবং সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ এর মেজর সায়েম চরিত্রে হাজির হন সিয়াম আহমেদ। চরিত্রগুলোর মধ্যে কখনও বখাটে যুবক, প্রেমিক, কখনও দেশপ্রেমিক কখনও আবার অ্যাকশন হিরো।

ক্যারিয়ারের ভিন্ন ভিন্ন অভিনয় করে সিয়াম যখন বেশ পরিণত ঠিক সেই সময়ে আসছেন শুরুর দিকের সেই ফ্রেশ লুকে। সিয়াম বিগত দিনে করা সব চরিত্রকে উতরে হয়ে উঠেছেন তরুণ এক ফুটবলার।

‘দামাল’ ছবি মুক্তি পাচ্ছে শুক্রবার। এই ছবিতে তার চরিত্রের নাম দুর্জয়। ফুটবল টিমের স্ট্রাইকার তিনি। এখন অভিনয়ের মাধ্যমে পর্দার ফুটবল মাঠে সিয়াম কতটা জ্বলে উঠতে পারেন সেটাই এখন দেখার।

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’ ছবির কাহিনি। ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘ফুটবল’-দেশের মানুষের এই দুই আবেগ একসঙ্গে মিশেছে ‘দামাল’ সিনেমায়। এই আবেগের অংশীদার হতে দর্শক সিনেমাটি দেখবেন বলে আশা করছেন সিয়াম আহমেদ।

সিয়াম বলেন, দামালের সাবজেক্ট- ফুটবল আর মুক্তিযুদ্ধ দুইটাই বাঙালির বড় আবেগের। এখনো গ্রামে ফুটবল ম্যাচ হলে দর্শকের চাপে টিনের চাল ভেঙে পড়ার খবর দেখি। তার সঙ্গে যদি যুক্ত হয় মুক্তিযুদ্ধ, নিঃসন্দেহে ফুটবলের আনন্দ আর মুক্তিযুদ্ধের আবহ মিলিয়ে দর্শককে অন্যরকম এক ঘোর উপহার দিতে পারবে দামাল ছবি।

খুব ‘প্যাশন’ নিয়ে দামাল টিম কাজটি করেছে বলে জানান সিয়াম। তিনি বলেন, ‘সেই প্যাশন কতটুক ফুটিয়ে তুলতে পারল, সেটা দেখার জন্য দর্শক একবার হলে আসতে পারেন।”

মুক্তির আগে সিনেমাটির প্রচারণায় বাড়তি চমক ছিলো। মুক্তির ঠিক আগের দিন ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেটসহ বেশ কিছু জায়গায় প্রথম দিকের শোয়ের অগ্রিম টিকেট বিক্রি শেষ হয়েছে বলেও খবর এসেছে।

‘দামাল’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ফরিদুর রেজা সাগরের গল্পে দামালের চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফী। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com