ব্রেকিং

x

বিনোদন ডেস্ক

মুক্তিযুদ্ধ, ভালোবাসা, ফুটবল, আবেগ- সবই দামালে আছে: রাজ

শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ |

মুক্তিযুদ্ধ, ভালোবাসা, ফুটবল, আবেগ- সবই দামালে আছে: রাজ
সংগৃহীত ছবি

শরিফুল রাজ। মডেল ও অভিনেতা। গতকাল মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘দামাল’। মুক্তির প্রথম দিনই প্রশংসা করছেন অনেকে। নতুন এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি-

‘পরাণ’ সিনেমার সাফল্যের পর আপনার অভিনীত ‘দামাল’ মুক্তি পেল। ছবিটি কি ‘পরাণ’কে উতরে যেতে পারবে?

পরাণ ম্যাসিভ হিট করেছে। দর্শক-ভালোবাসায় ছবিটি হিট হয়েছে। পরাণকে দামাল উতরে যাবে, কি যাবে না, তা ভেবে কিন্তু ছবিটি নির্মাণ করা হয়নি। এই সিনেমার কাজের সঙ্গে যখন আমরা যুক্ত হয়েছি, তখন পরাণ মুক্তি পায়নি। ‘দামাল’ ভালো গল্পের ছবি। আমাদের সবার চেষ্টা ছিল ছবির গল্পকে সঠিকভাবে উপস্থাপন করার। ফলে সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, ‘পরাণ’ সিনেমার মতো ‘দামাল’ও সফলতা পাবে।

‘দামাল’-এ কী এমন আছে, যার কারণে দর্শকের ভালোবাসা পাবে?

এ ছবির মূল বিষয় হলো গল্প। আমাদের দেশের দর্শক এখন অনেক ভালো গল্প, ভালো নির্মাণের সিনেমা দেখতে চান। দামাল ছবিতে মুক্তিযুদ্ধ, ভালোবাসা, ফুটবল, আবেগ- সবই আছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের বাইরে গিয়েও মুক্তিযুদ্ধের বিষয়টি দারুণভাবে তুলে ধরেছেন পরিচালক। ফলে দর্শকরা ছবিটি দেখবেন বলে আমার বিশ্বাস। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও ফুটবল- আমাদের দেশের মানুষের এ দুটি বিষয়ে আবেগ রয়েছে। যার অংশীদার হতে দর্শক সিনেমাটি দেখবেন। এ ছাড়াও রায়হান রাফী পরীক্ষিত নির্মাতা। তাঁর গল্প বলার নিজস্ব ঢঙ আছে, যা দর্শক বরাবরই পছন্দ করে আসছেন।

ছবিতে আপনার অভিনীত চরিত্রটি নিয়ে বলুন।

সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের ভূমিকায় অভিনয় করেছি আমি, যার নাম মুন্না। এ চরিত্রে অভিনয়ের জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সিনেমার দৃশ্য ধারণের আগে বেশ কয়েক মাস একজন কোচের তত্ত্বাবধানে বাসাবোর একটি মাঠে নিয়মিত অনুশীলন করতে হয়েছে।

সিনেমায় আপনার ‘বাইসাইকেল কিক’ তো বেশ আলোচিত এখন…

ওটা করতে গিয়ে হাতে আঘাত পেয়েছিলাম। এর পর দুই মাস বাসায় বসে ছিলাম। তবে দিন শেষে ‘বাইসাইকেল কিক’টা করতে পেরেছি বলে ভালো লেগেছিল, যার প্রতিদান এখন দর্শকরা দিচ্ছেন।

মুক্তির প্রথম দিন কেমন সাড়া পেলেন?

এক কথায়, অসাধারণ। ছবিটি যাঁরা দেখেছেন তাঁদের কেউই এখন পর্যন্ত নেতিবাচক মন্তব্য করেননি। মুক্তির প্রথম দিন বিভিন্ন হলে খোঁজ নিয়ে জানলাম, ভালোই যাচ্ছে। তবে প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়ায় আসলে কিছুই বলা যায় না। ছবিটি দর্শকের কতটুকু ভালোবাসা পাবে, তা টের পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এখনও প্রেক্ষাগৃহে আপনার অভিনীত ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমা চলছে। দুটিই হিট। তারপরও আপনাকে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যাচ্ছে না…

‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার রেশ এখনও কাটেনি। এখনও এ দুটি ছবি দর্শকরা দেখছেন। এর মধ্যে দামাল মুক্তি পেল। মাঝের সময়টিতে দামালের প্রচারণায় বেশ ব্যস্ত ছিলাম। ফাঁকে কিছু কাজও করেছি। কিছুদিন আগে শেষ করেছি গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’র কাজ। মুক্তির অপেক্ষায় আছে নেয়ামুল মুক্তার ‘রক্তজবা’। অন্যদিকে অনেকের সঙ্গে মিটিং হয়েছে। কিন্তু আমাকে যাঁরা চেনেন তাঁরা জানেন, গল্প আর চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আমি বরাবরই ভীষণ কঠিন। চিত্রনাট্য ভালো না হলে কাজ করতে চাই না। এখনও হাতে অনেক চিত্রনাট্য জমা হয়ে আছে। শিগগিরই ঘোষণা আসবে কোনোটির।

এবার ভিন্ন প্রসঙ্গ। স্ত্রী পরীমণি ও একমাত্র পুত্র রাজ্যকে নিয়ে সংসার কেমন চলছে?

মানুষ হিসেবে পরীমণি অসাধারণ। স্ত্রী হিসেবে ওকে পেয়ে আমি গর্বিত। পুত্র রাজ্য। সে তো আমার জান। বাসায় থাকলে সারাক্ষণ আমি তার সঙ্গে খেলাধুলা করি। ফলে বলতে পারেন, ব্যক্তিজীবনে আমি অনেক সুখ-শান্তিতে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com