দলের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের প্রস্তুতির জন্য চট্টগ্রামে যুবলীগের সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা হয়। কিন্তু শুরুর আগে প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের সাবেক দুই নেতার অনুসারীরা বাক-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে উপস্থিত নেতাকর্মীরা তাদের থামান। এ সময় ক্লাবের সামনে রাখা ‘সুপ্রভাত বাংলাদেশ’ পত্রিকার একটি চিঠির বাক্স ভাঙচুর করা হয়।
জানা যায়, আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের কর্মসূচিতে চট্টগ্রামের যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরপর সভার কার্যক্রম শুরু হয়।
ঘটনার প্রত্যক্ষর্শী সাবেক ছাত্রলীগ নেতা সাহেদ হোসেন টিটু বলেন, ‘নগর ছাত্রলীগের সাবেক সাধারণ চট্টগ্রাম সম্পাদক নুরুল আজিম রনি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাত্রি ওরফে সুজনের অনুসারীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।’ দুজনেই নগর যুবলীগের আগামী কমিটির সাধারণ সম্পাদক প্রত্যাশী। তবে হাতাহাতির অভিযোগ অস্বীকার করেছেন তাদের অনুসারীরা।
যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগের সঞ্চালনায় সভায় চট্টগ্রামের যুবলীগের জ্যেষ্ঠ নেতা ছাড়াও দলের পদ প্রত্যাশী বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে ঢাকার মহাসমাবেশে অর্ধ লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণ প্রত্যাশা করেন। সভায় চট্টগ্রামের যুবলীগ নেতাকর্মীরা ‘গোলাপী’ রঙয়ের ক্যাপ ও টি-শার্ট গায়ে দিয়ে সমাবেশে অংশ নেবেন বলে সিদ্ধান্ত হয়।
এ সময় শেখ ফজলে নাঈম বলেন, ‘আন্দোলন-সংগ্রামে সব সময় এগিয়ে থাকে চট্টগ্রাম। ঢাকায় যুব মহাসমাবেশ সফলেও এবার আমরা চট্টগ্রামের বড় ধরনের ভূমিকা প্রত্যাশা করছি। চট্টগ্রাম থেকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেনে বলে আমরা প্রত্যাশা করছি।’
Development by: webnewsdesign.com