ব্রেকিং

x

বিনোদন ডেস্ক

চট্টগ্রামের সেই স্কুল থেকে শুরু হলো ‘বীরকন্যা প্রীতিলতা’ এর প্রচারণা

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | ৭:৪৫ অপরাহ্ণ |

চট্টগ্রামের সেই স্কুল থেকে শুরু হলো ‘বীরকন্যা প্রীতিলতা’ এর প্রচারণা
সংগৃহীত ছবি

অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’র আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। ১৯১৮ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন মহীয়সী এই নারী।

শত বছর পর বুধবার তাঁর সেই স্কুল প্রাঙ্গণ থেকে চলচ্চিত্রটির প্রচার কার্যক্রম উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আক্তার। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

মেয়র রেজাউল বলেন, যে যুগে নারীদের অবলা মনে করা হতো, সে যুগে প্রীতিলতা যুদ্ধ করেছেন। ইংরেজদের মেরে আত্মাহুতি দিয়েছেন। এত বছর পর এসে প্রীতিলতাকে কেউ স্মরণ না করলেও চট্টগ্রামের পরিবেশ, প্রকৃতি সব সময় স্মরণ করছে। সূর্যসেন, প্রীতিলতা আমাদের শিখিয়েছেন- আপস নয়, সংগ্রাম করে কীভাবে নিজের অধিকার আদায় করতে হয়। তাঁরা অনেকের পথপ্রদর্শক।

অ্যাডভোকেট রানা দাশ বলেন, বাড়ির জমি থাকলেও প্রীতিলতার বাড়ি নেই। সম্পত্তির দখল অন্যদের হাতে চলে গেছে। এমন বাস্তবতায় দাঁড়িয়ে বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে যে চলচ্চিত্র নির্মিত হচ্ছে তা আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনের ইতিবাচক দৃষ্টান্ত।

চলচ্চিত্রটির পরিচালক প্রদীপ ঘোষ বলেন, আমরা চাই, এ প্রজন্মের শিশুরা প্রীতিলতা সম্পর্কে জানুক। তাঁর সংগ্রামী জীবন সম্পর্কেও অনেক অজানা তথ্য নিয়ে সঠিক ধারণা পাক।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com