ব্রেকিং

x

নিউটনের তৃতীয় সূত্র মনে রাখবেন: আওয়ামী লীগকে রিজভী

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ৬:৩৭ অপরাহ্ণ |

নিউটনের তৃতীয় সূত্র মনে রাখবেন: আওয়ামী লীগকে রিজভী
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির গণসমাবেশ ঘিরে তাণ্ডব চালাচ্ছে সরকার। কিন্তু নিউটনের তৃতীয় সূত্র মনে রাখবেন। প্রতিটি আঘাতের সমান ও বিপরীত জবাব দেওয়া হবে। কাউকে গ্রেপ্তার করে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মহাসমাবেশ সফল করবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের মুক্তি দাবিতে এই মানববন্ধন হয়।

রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদিন বলেন খেলা হবে। আপনি কামরুজ্জামান রতনকে গ্রেপ্তার করেছেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কামালকে গ্রেপ্তার করেছেন। সারাদেশে সমাবেশ যাতে না হয় তার জন্য অনেককেই গ্রেপ্তার করেছেন।এটা কি খেলার অংশ? বিএনপির সমাবেশের দুই দিন আগে বাস মালিকরা ধর্মঘট ডাকে এটাও তো আপনার খেলার অংশ। কারণ আপনার নির্দেশ ছাড়া এই বাস মালিক সমিতি ধর্মঘট ডাকার কথা না। বিএনপি’র সমাবেশ শেষে তাদের ধর্মঘট ও শেষ হয় এটা তো ওবায়দুল কাদের ও শেখ হাসিনার খেলার অংশ।

তিনি বলেন, খেলা দেখাচ্ছে জাতীয় অর্থনীতি নিয়ে। বিদ্যুতের নাকি বন্যা বয়ে গেছে। হাইওয়ে, বড় বড় ফ্লাইওভার উন্নয়নে গোটা দেশ ছড়িয়ে গেছে। দেশের মানুষের আয় বেড়েছে ২১৩৪ ডলার। আবার প্রধানমন্ত্রী একবার বলছেন দুর্ভিক্ষ হবে আবার বলছে হবে না। মানুষের যদি এত আয় বেড়ে থাকে তাহলে দুর্ভিক্ষ হবে কেন? কিন্তু দুর্ভিক্ষ চলছে। সরকারি চাল ৩০ টাকা কেজি যে ট্রাকগুলোতে দেবে সেই ট্রাকগুলোর পেছনে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকছে চাউলের জন্য। এটাই তো দুর্ভিক্ষের আলামত।

রিজভী বলেন, আওয়ামী লীগ বলে রিজার্ভে নাকি এখনো ৩৫ মিলিয়ন ডলার আছে। আইএমএফ বাংলাদেশ ব্যাংককে বললেন হিসাব দেন। বাংলাদেশ ব্যাংক বলল ২৪ মিলিয়ন ডলার রিজার্ভ আছে। আওয়ামী লীগ বলে ৩৫ মিলিয়ন ডলার। হঠাৎ করে কমে গেল কেন? বাতাসে অনেক কথা বেরিয়ে যাচ্ছে। প্রকৃত রিজার্ভ তার চেয়েও কম। রাজকোষ শূন্য অবস্থায় এসে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আপনাদেরই লোক। যেই আইএমএফ জানতে চেয়েছে তখনই রিজার্ভ কমে গেছে। এই দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে।

তিনি বলেন, বিভিন্ন ব্যাংকগুলোতে কোনো টাকা পয়সা নেই। সব শূন্য অবস্থায়। আওয়ামী লীগ কত লুটপাট করেছে যে আজ খেলাপি ঋণ ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা। আর বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন ঋণ খেলাপ ছিল শুধু চার হাজার কয়েকশ কোটি টাকা। ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ঋণ খেলাপি যে হয়েছে এই টাকা কে নিয়েছে? এই টাকা সব আওয়ামী লীগ নিয়েছে। আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনেরা নিয়েছে। আজ বলছেন ব্যাংকের টাকা শেষ হয়ে আসছে। দেশের ঋণ খেলাপি কে কে তার জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছে। যারা যারা ঋণ খেলাপি তারাই সেই কমিটির সদস্য।

তিনি বলেন, আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছেন। গ্রেপ্তার করছেন, মারধর করছেন। নিউটনের তিনটা সূত্রের তৃতীয় নম্বরটা হলো- আপনি যেভাবে আঘাত করবেন তার বিপরীত সমান প্রতিঘাত হবে। খুলনা, বরিশাল বিএনপির বড় বড় সমাবেশগুলোর আগে যেভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করছেন, রক্তাক্ত করছে,ন সমানভাবে এর প্রতিঘাত জনগণকে সাথে নিয়ে দেয়া হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কামরুজ্জামান রতনকে গ্রেপ্তার করেছে যাতে ১০ ডিসেম্বর সমাবেশে লোকজন কম হয়। কিন্তু এটা আপনাদের ভুল পলিসি। কামরুজ্জামান রতনকে গ্রেপ্তার করার কারণে মুন্সীগঞ্জের নেতাকর্মীরা আরো ঐক্যবদ্ধ হয়ে ১০ ডিসেম্বর সমাবেশকে সফর করবে। তিনি অবিলম্বে কামরুজ্জামান রতনসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে ও আবদুল কুদ্দুস ধীরেনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আ ক ম মোজাম্মেল হক, আলী আজগর রিপন মল্লিক, শহীদুল ইসলাম শহীদ, যুবদলের সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আওলাদ হোসেন উজ্জ্বল সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদরা। এসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য প্রকৌশলী মো. মাহবুব আলম, মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদ, শাহ আলম, এসএম জাহাঙ্গীর প্রমুখ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com