কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় গিয়ে সহমর্মিতা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
আজ রোববার বিকেলে তারা বিএনপি মহাসচিবের বাসায় যান।
জানা গেছে, প্রথমে নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান উত্তরায় মির্জা ফখরুলের বাসায় যান। এরপর সেখানে উপস্থিত হন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান, সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টি মহাসচিব রহমান প্রমুখ।
নেতারা বাসায় গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সহমর্মিতা জানান।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর গভীর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় পরদিন শুক্রবার তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর একাধিকবার তার পক্ষে জামিন চেয়ে আদালতে আবেদন করা হলেও তা নাকচ হয়।
Development by: webnewsdesign.com