ব্রেকিং

x

পাকিস্তানে থানায় হামলা, ৪ পুলিশ নিহত

রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | ৮:৫৪ অপরাহ্ণ |

পাকিস্তানে থানায় হামলা, ৪ পুলিশ নিহত
সংগৃহীত ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় নবনির্মিত বুরগি থানায় জঙ্গি হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গতকাল শনিবার রাতে এ হামলা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ ডনকে বলেন, মধ্যরাতে জঙ্গিরা থানায় হামলা করে ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই চালান। পরে হামলাকারীরা অন্ধকারে পালিয়ে যায়।

থানাটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। পার্শ্ববর্তী লাক্কি শহর থেকে ওই থানায় পৌঁছাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তারে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানের পুলিশ।

আজ রোববার সকালে লাক্কি থানায় নিহত পুলিশ সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে।

বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান হামলার নিন্দা ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

গত ২৮ নভেম্বর তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে তাদের অস্ত্রবিরতি চুক্তি বাতিল। তারা তাদের সদস্যদের দেশজুড়ে হামলা চালানোর নির্দেশ দেয়। তখন টিটিপির এক বিবৃতিতে বলা হয়, লাক্কি মারওয়াত এলাকায় সামরিক সংস্থাগুলো অবিরত হামলা শুরু করায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com