ব্রেকিং

x

চলমান আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে: গয়েশ্বর

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | ৬:২৯ অপরাহ্ণ |

চলমান আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে: গয়েশ্বর
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা জেলা বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও মোজাদ্দেদ আলী বাবুর পরিচালনায় এই অনুষ্ঠান হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না। দেশ থেকে দশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা উন্নয়নের নামে লুটপাটের টাকা। দেশটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দেশে কোনো আইনের শাসন নেই। এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে চাই।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তার নেতৃত্ব দেশে যেমন প্রতিষ্ঠিত ছিল, তেমনি বহির্বিশ্বে প্রশংসিত ছিল।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এই সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কেউ ভোট দিতে পারে না। স্কুল কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনেও কেউ ভোট দিতে পারে না। এই সরকার সবকিছু করায়ত্ত করে রেখেছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি করে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের আন্দোলন ক্ষমতা দখলের জন্য নয়। আমাদের আন্দোলন হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, যাতে করে জনগণ বিনা বাধায় ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি ভোট দিতে পারে। আমরা আশা করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবো।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com