দেশের ২২তম রাষ্ট্রপতি কে হচ্ছেন সে সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি সম্পর্কে কিছু জানি না। আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়।
তিনি আরো বলেন, ১৯ তারিখ নির্বাচন, তার আগে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন করা হবে।
১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিন আছে। নির্বাচন পর্যন্ত। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়।
উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরের দিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।
Development by: webnewsdesign.com