ব্রেকিং

x

রোকেয়া ওপর হামলায় সাইমনের নিন্দা

বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ |

রোকেয়া ওপর হামলায় সাইমনের নিন্দা
সংগৃহীত ছবি

হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢালিউড চিত্রনায়ক সাইমন সাদিক। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্জ্বালন করতে গেলে রোকেয়া প্রাচীর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন।

রাত ৯টা দিকে ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আগামীকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আয়োজন করছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, শিল্পী মনিরুজ্জামানসহ কয়েকজন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে রোকেয়া প্রাচীর ওপর চড়াও হন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে চারপাশ থেকে এলোপাতাড়ি মারছিল। বলছিল সতেরো বছর তোরা খেয়েছিস, এখন আমরা খাব। আমি বারবার মাথায় আঘাত ঠেকাচ্ছিলাম।’

রোকেয়া প্রাচী জানান, আগামীকাল সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বেদি প্রস্তুত করছিলেন তারা। দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সেখানে বঙ্গবন্ধুর একটি ছবি স্থাপন করা হয়। সন্ধ্যায় সেই ছবি ছুড়ে ফেলে রোকেয়ার ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘সেনাবাহিনী ঘেরা একটা জায়গায় কীভাবে আমার ওপর হামলা চালানো হলো!’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ না গেলে তিনি একাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু ডাক না দিলে ১৯৭১ হতো না, আমরা বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি বত্রিশে। পোড়া বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ‍যদি কেউ না যায়, ঠিক করেছি আমি একাই যাব শ্রদ্ধা জানাতে।’

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক সাইমন সাদিক। ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজুর ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের চলচ্চিত্রজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে পান আলাদা পরিচিতি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদকের পদে ছিলেন সাইমন সাদিক।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com