ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ফলো-অনও এড়াতে পারেনি বাংলাদেশ। ১৪৯ রানে অলআউট হয়ে যায় টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্তদের ফলো-অন না করিয়ে ২২৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। দ্বিতীয় দিন শেষে তিন শতাধিক রানের লিড নিয়েছে তারা। এখন দেখার বিষয় এই লিড কতদূর নিয়ে যেতে পারে স্বাগতিকরা।
টাইগারদের ব্যাটিং ধসের প্রসঙ্গে দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, ‘ব্যাটসম্যান এবং ব্যাটিং কোচ সবাই এটার ব্যপারে এবং হয়তো এটা নিয়ে কাজও করছে। আসরে সবারই শক্তি এবং দূর্বলতার দিক থাকে। আন্তর্জাতিক পর্যায়ে সবারই উন্নতির জায়গা আছে আর দূর্বল জায়গাগুলো কাটিয়ে উঠতে না পারলে ভাল করা সম্ভব নয়। এটা নিয়ে ব্যাটম্যানরা কাজ করছে, যার যেখানে সমস্যা। কারো ভেতরের বলে সমস্যা, কারো বাইরের বলে সমস্যা। দুর্বলতা সবারই আছে, দিনশেষে সবাই সবার জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করছে’।
তাসকিন বলতে চাইলেন, শুরুতে একটা জুটি হলেই অন্যরকম হতে পারত পরিস্থিতি, ‘আমরা প্রথম ১০ ওভারে বেশি উইকেট হারিয়েছি, শুরুতে এত বেশি উইকেট না হারালে আমরা আরো ভাল জায়গায় থাকতে পারতাম।’
চিপকের উইকেট নিয়ে তাসকিন বলেন, ‘হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই এডভান্টেজ নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়ত এভাবে ডমিনেট করব ইনশাআল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং, বোলিং ভালো করেছি। আমাদের আরও আগে ওদের অলআউট করা উচিৎ ছিল। আমরাও চা বিরতির পর আপ টু দ্যা মার্ক বল করতে পারিনি। সাড়ে তিনশতে করেছি, আড়াইশতে অলআউট করা উচিৎ ছিল। আমরা মেনে নিচ্ছি, সামর্থ্য অনুযায়ী ভালো করতে পারিনি।’
Development by: webnewsdesign.com