লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ করেছে হাজারও মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গতকাল রোববার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ও পাথর ছুড়েছে। অন্যদিকে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ছুড়েছে।
করাচি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল মজলিস ওয়াহদাত মুসলিমিন এই বিক্ষোভের আয়োজন করেছিল। বিক্ষোভ র্যালি পিআইডিসি মোড় থেকে শুরু হয়ে আইসিআই ব্রিজ হয়ে ইউএস কনস্যুলেটের দিকে যাচ্ছিল। তখন পুলিশ তাদের বাধা দিতে রাস্তার ওপর কন্টেইনার স্থাপন করে। এরপর বিক্ষোভকারীরা কন্টেইনার সরানোর চেষ্টা করলে সংঘর্ষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, টিয়ার গ্যাসের ধোঁয়ায় এমটি খান রোড আচ্ছন্ন হয়ে আছে। বিক্ষোভকারীরা হিজবুল্লাহর পতাকা নেড়ে শ্লোগান দিচ্ছে এবং পুলিশের দিকে ঢিল ছুড়ছে।
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদ রাজা বলেছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশ সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলেও জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লার ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ।
Development by: webnewsdesign.com