ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর ধারা ১৫ অনুযায়ী চারটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং আমানতকারীদের অর্থ পরিশোধ নিশ্চিত করতে বিশেষ সময়সীমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, অকার্যকর অবস্থা থেকে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর (ভায়েবল) অবস্থায় ফিরিয়ে আনতে শর্তসাপেক্ষে তিন মাস সময় দেওয়া হয়েছে।
০১ জুলাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সুবিধা পাওয়া চারটি প্রতিষ্ঠান হলো প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ পরিচালনা পর্ষদ গঠন, সক্ষম শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংযোজন এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিজস্ব সম্পদ ও সম্পত্তি বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিষ্পত্তির মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার কমিয়ে এনে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চারটি প্রতিষ্ঠানের কোনোটি যদি আরোপিত শর্তগুলোর এক বা একাধিক পূরণে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরু করবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা এবং আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা।
Development by: webnewsdesign.com