প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এ সভা হয়। এতে কমিশনের কমিশনার, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, আবেদন প্রক্রিয়া, নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ারদের ভূমিকা ও দায়বদ্ধতা পর্যালোচনা করা হয়।
এছাড়া আইপিও প্রাইসিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং ও রাইট ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা ও সম্ভাব্য সংস্কার নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় বিএসইসি জানায়, অংশীজনদের দেওয়া মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে আইপিও প্রক্রিয়া আরও কার্যকর ও বিনিয়োগকারীবান্ধব করা যায়।
মতবিনিময় সভায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সিএফএ সোসাইটি বাংলাদেশ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার ও বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক উপস্থিত ছিলেন। এছাড়া আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, বিএমবিএর প্রেসিডেন্ট ইফতেখার আলম, এফআরসির নির্বাহী পরিচালক মো. তারেক কামালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।
Development by: webnewsdesign.com