ব্রেকিং

x

শরিয়াহভিত্তিক অর্থায়ন সেবা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

রবিবার, ০২ আগস্ট ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ |

শরিয়াহভিত্তিক অর্থায়ন সেবা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (আইপিডিসি) শরিয়াহভিত্তিক অর্থায়ন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর আওতায় শরিয়াহসম্মত ব্যবসা কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে।

কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে আইপিডিসি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা কার্যক্রম শুরু করবে।

কোম্পানিটি জানিয়েছে, শরিয়াহসম্মত অর্থায়ন কার্যক্রম চালু হলেও তাদের বিদ্যমান প্রচলিত (কনভেনশনাল) অর্থায়ন কার্যক্রমও আগের মতো সমান্তরালভাবে পরিচালিত হবে। অর্থাৎ গ্রাহকদের জন্য প্রচলিত ও ইসলামিক উভয় ধরনের আর্থিক সেবাই প্রতিষ্ঠানটি একসঙ্গে দেবে।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ পয়সায়। চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১ পয়সায়।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪২৯ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬০ কোটি ৪৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার ৮৫১।

কোম্পানিটির শেয়ারের মধ্যে ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।

 

সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছে। বছরটিতে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৫ পয়সায়।

এর আগে ২০২৪ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়ে ছিল আইপিডিসি ফাইন্যান্স। বছরটিতে কোম্পানিটির ইপিএস হয় ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা (পুনর্মুল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৭ টাকা ৭৩ পয়সা।

২০২৩ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়ে ছিল আইপিডিসি ফাইন্যান্সের। বছরটিতে কোম্পানিটির ইপিএস হয়ে ছিল ৮৮ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৩৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

এদিকে আইপিডিসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসিঙ্গক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com