ব্রেকিং

x

রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম ইয়ার্ন, ফেব্রিক অ্যান্ড অ্যাকসেসরিজ শো

সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ৬:০১ অপরাহ্ণ |

রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম ইয়ার্ন, ফেব্রিক অ্যান্ড অ্যাকসেসরিজ শো

রাজধানীতে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো-২০২৬’ এবং ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’। আগামী ১৩ আগস্ট ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে আন্তর্জাতিক এ দুই প্রদর্শনী।

সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিনব্যাপী প্রদর্শনীতে ১৫০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে তৈরি পোশাক (আরএমজি) শিল্পের জন্য সর্বশেষ সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ, টেক্সটাইল কেমিক্যাল ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন করা হবে।

প্রদর্শনীর মাধ্যমে দেশের পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও ফেব্রিক প্রসেসররা বিদেশি সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পণ্য সোর্সিংয়ের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়া খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন স্টেকহোল্ডার অনুষ্ঠানে অংশ নেবেন।

আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘‘পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি। দেশীয় রপ্তানিকারকদের হাতের নাগালে আন্তর্জাতিক সরবরাহকারীদের পৌঁছে দেওয়াই আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায়, ভারতের কেমেক্সসিলের একটি বিশেষ প্যাভিলিয়নসহ ‘বাংলাদেশ টেক্সকেম’ শো-এর সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুতা, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ শো-এর ১৩তম সংস্করণ এই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।’’

প্রদর্শনীতে ওভেন ও নিটেড পোশাকের বিভিন্ন ধরনের সুতা, ব্লেন্ডেড সুতা, উল ও স্যুটিং ফেব্রিক, প্রিন্টেড ফেব্রিক, স্পোর্টস ও হোম টেক্সটাইল ফেব্রিক প্রদর্শন করা হবে। পাশাপাশি পোশাকের বিভিন্ন অ্যাকসেসরিজ এবং এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংসহ আধুনিক প্রসেসিং প্রযুক্তিও তুলে ধরা হবে।

আয়োজকদের ভাষ্য, ২০০২ সাল থেকে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী আয়োজন করে আসছে। বৈশ্বিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে দেশীয় উৎপাদকদের সংযোগ স্থাপন এবং বাংলাদেশের শিল্প সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com