ব্রেকিং

x

বিমা দাবির টাকা থেকে নতুন পলিসির প্রিমিয়াম কাটা যাবে না

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১০:২৩ পূর্বাহ্ণ |

বিমা দাবির টাকা থেকে নতুন পলিসির প্রিমিয়াম কাটা যাবে না

বিমাগ্রহীতা বা নমিনির প্রাপ্য বিমা দাবির অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কর্তন বা সমন্বয় করা যাবে না। একই সঙ্গে বিমা দাবির অর্থ পাওয়ার শর্ত হিসেবে নতুন পলিসি কিনতে বিমাগ্রহীতাকে বাধ্য করাও নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে লাইফ বিমা কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নির্দেশনায় বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ বিমাদাবি, মৃত্যুদাবি ও প্রত্যর্পণ সুবিধা (সারভাইভাল বেনিফিট) পরিশোধের ক্ষেত্রে বিমাকারীদের প্রাপ্য অর্থ সম্পূর্ণভাবে বিমাগ্রহীতা বা নমিনির ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। প্রযোজ্য সরকারি রাজস্ব ছাড়া অন্য কোনো অর্থ বা ফি কর্তন করা যাবে না।

সংশ্লিষ্ট নির্দেশনায় উল্লেখ করা হয়, কিছু লাইফ বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধের সময় গ্রাহক বা নমিনিকে একই কোম্পানির নতুন পলিসি কেনার শর্ত দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পুরোনো পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে অবশিষ্ট টাকা গ্রাহককে দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রম বিমাগ্রহীতাদের স্বার্থ ক্ষুণ্ন করার পাশাপাশি বিমা খাতের প্রতি অসন্তুষ্টি সৃষ্টি করছে।

নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান আইন অনুসারে নির্ধারিত ৯০ দিনের মধ্যে বিমাদাবির সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। বিমাদাবির অর্থ পরিশোধের ক্ষেত্রে নতুন পলিসি কেনার শর্ত আরোপ কিংবা নতুন পলিসির প্রিমিয়াম বাবদ অর্থ সমন্বয়ের সুযোগ নেই। এ ধরনের কার্যক্রম আইন লঙ্ঘনের শামিল।

আরও বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ বিমাদাবির অর্থ নির্ধারিত ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট বিমাগ্রহীতার নামে একই কোম্পানির নতুন পলিসি ইস্যু করতে কোনো বাধা থাকবে না।

তবে ৯০ দিনের নির্ধারিত সময়ের পরবর্তী ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করা হলে, পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকের নামে একই বিমা কোম্পানি নতুন পলিসি ইস্যু করতে পারবে না।

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ বিমাদাবির অর্থ ১২০ দিন বা তার বেশি সময় পরে পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা থাকবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে আইডিআরএ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com