চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) দ্রুত প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।তিনি বলেছেন, এসব সুবিধা নিশ্চিত করা গেলে দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলের শিল্পকারখানা, সড়ক অবকাঠামো ও নির্মাণাধীন জেটির কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি অবকাঠামোগত উন্নয়নকাজের অগ্রগতি এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
তিনি অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মডার্ন সিনটেক্স ও কেয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শন করেন। কেয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এইচ এম আরাফাত হোসেন তাঁকে কারখানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে মুখ্য সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন জেটি ও অর্থনৈতিক অঞ্চলের সড়ক অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উন্নয়নকাজের অগ্রগতি তুলে ধরেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে ইতোমধ্যে ৩০টি কারখানা বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এ ছাড়া আরও ১৫টি কারখানার নির্মাণকাজ চলমান রয়েছে। এসব কারখানার কার্যক্রম চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদ, ইনভেস্ট বাংলাদেশ, বেজা, বেপজা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com