ব্রেকিং

x

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ |

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন বাংলাদেশি চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বিভাগের পরিচালক মুনিরা ইসলাম।

সার্কুলারে বলা হয়েছে, চলতি হিসাবের আওতায় বৈধ লেনদেন সহজ করা এবং বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে আরও নমনীয়তা আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো চিকিৎসার জন্য ৩০ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর বেশি অর্থ পাঠাতে হলে আগের মতোই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে।

এ ছাড়া বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্যও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড়ের সুযোগ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত অ্যাকাডেমিক শিক্ষা কার্যক্রমের জন্যও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলো অর্থ ছাড় করতে পারবে।

সার্কুলার অনুযায়ী, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনা ও অন্যান্য অনুমোদিত প্রয়োজনে বিদেশে অর্থ পাঠানোর সুবিধা সম্প্রসারণের পাশাপাশি, দেশে বৈদেশিক মুদ্রা আনার ক্ষেত্রেও শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশি আবাসিক নাগরিকদের বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখতে হলে তা অবশ্যই কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিনিময়সংক্রান্ত বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন করা হবে। তবে বিদ্যমান অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com