পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২৫ বছর বিদ্যুৎ কিনতে প্রায় ৪ লাখ ৬০ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)।
এর মধ্যে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা। আর রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হবে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা।
এ দুই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ কাঠামো ও গড় বিদ্যুৎ মূল্য (রেফারেন্স ট্যারিফ স্ট্রাকচার ও লেভেলাইজড ট্যারিফ) অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৮ পয়সা। এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে বাবিউবোকে বছরে প্রায় ৯ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধ করতে হবে। ২৫ বছরে মোট ব্যয় হবে প্রায় ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা।
অন্যদিকে, রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে বিদ্যুৎ কিনতে দুটি পর্যায়ে ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পরিচালনকাল বা আইওডি (ইনিশিয়াল অপারেশন ডেট) থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ বা সিওডি (কমার্শিয়াল অপারেশন ডেট) পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার দাম নির্ধারণ করা হয়েছে ৯ টাকা ১১ পয়সা। সিওডির পর এ দাম হবে ৮ টাকা ৯৮ পয়সা।
রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য আইওডি থেকে সিওডি পর্যন্ত বাবিউবোকে ৫ হাজার ১০৪ কোটি টাকা পরিশোধ করতে হবে। আর সিওডি-পরবর্তী সময়ে বছরে প্রায় ৯ হাজার ২২৭ কোটি টাকা ব্যয় হবে। ২৫ বছরে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিসিপিসিএল) নির্মিত পায়রা বিদ্যুৎকেন্দ্রটি ২৪০ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ৫৭৫ মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
২০২০ সালে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বাবিউবোর কাছে বিক্রি করা হচ্ছে।
তবে কেন্দ্রটির ট্যারিফ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত না থাকায় প্রয়োজনীয় ভর্তুকি প্রদানে আপত্তি জানিয়ে আসছিল অর্থ বিভাগ। এ কারণে ভর্তুকি নিশ্চিত করতে ট্যারিফ কাঠামো অনুমোদনের প্রস্তাব করা হয়। অনুমোদিত ট্যারিফ ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
অন্যদিকে, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের নির্মিত রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পটি ১৯৯ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৮১৫ মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় উৎপাদিত বিদ্যুৎ বাবিউবোর কাছে বিক্রি করছে কোম্পানিটি।
তবে ট্যারিফ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত না হওয়ায় এ কেন্দ্রের বিদ্যুৎ কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় ভর্তুকি দিতে আপত্তি জানায় অর্থ বিভাগ। এ অবস্থায় ভর্তুকি নিশ্চিত করতে ট্যারিফ অনুমোদনের প্রস্তাব করা হয়। অনুমোদিত ট্যারিফ ২০২৪ সালের ১২ মার্চ থেকে কার্যকর হবে।
Development by: webnewsdesign.com