আলুর তরকারি রান্না করেছিলেন স্ত্রী। কিন্তু ডায়াবেটিস থাকার কারণে স্বামী তা খেতে চাননি। কারণ, আলু খেতে নিষেধ করেছেন চিকিৎসক। আর এর জের ধরেই স্বামীকে বেধড়ক পিটিয়েছেন স্ত্রী। ফলে তার গতি হয়েছে হাসপাতালে। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম হর্ষদ গোহেল (৪০)। স্ত্রীর বিরুদ্ধে তিনি একটি এফআইআর দায়ের করেছেন। হর্ষদ অভিযোগ করেন, স্ত্রী তারার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার (৭ আগস্ট) রাতে তিনি জানতে চান-কী রান্না হয়েছে? স্ত্রী জানান, তিনি আলুর তরকারি রান্না করেছেন। আর সঙ্গে রয়েছে রুটি।
হর্ষদ জানান, “আমি তখনই মানতে চাইনি। তারাকে জিজ্ঞাসা করি আমার শরীরের জন্য আলু ভালো নয় জেনেও কেন সে আলুর তরকারি রান্না করল? এই কথা আমার স্ত্রীর ভালো লাগেনি। এরপরই ও আমাকে মারধর করতে শুরু করে।”
জানা গেছে, মার খেয়ে হর্ষদ প্রাণে বাঁচতে চিত্কার শুরু করেন। তখন পরিবার চিত্কার শুনে সেখানে ছুটে গিয়ে তারার হাত থেকে উদ্ধার করে তাকে। পরে গুরুতর জখম অবস্থায় এলিসব্রিজ এলাকায় ভিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় হর্ষদকে। তার ডান কাঁধের হাড় ভেঙে গেছে।
Development by: webnewsdesign.com