চামিকা করুণারত্নের বলে গতি আছে, বাউন্সও আছে। শুধু লাইন-লেংথটাতে একটু নিয়ন্ত্রণের অভাব। মোসাদ্দেক হোসেনের তাতে সুবিধাই হলো! ১৮তম ওভারের পঞ্চম ওভারে মোসাদ্দেকের সৌজন্যে বাংলাদেশের ইনিংস প্রথম ছক্কাও দেখল!
গতির ওপর বাউন্সার দিয়েছিলেন করুণারত্নে। কিন্তু বলটা লেগ সাইডে ছিল। মোসাদ্দেক এমন সুযোগ আর হেলায় হারালেন না! দারুণ হুকে বল পাঠিয়ে দিলেন ডিপ মিডউইকেটের বাউন্ডারির বাইরে। বাউন্ডারিতে ফিল্ডার ছিলেন, কিন্তু তাঁকে দর্শক বানিয়ে বল অনেক ওপর দিয়ে সীমানার বাইরে। ছক্কা!
বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কাটি ২৭ বল পর প্রথম বাউন্ডারিও। এখন পর্যন্ত বাংলাদেশ ইনিংসের তৃতীয় ও সর্বশেষ চারটি মোসাদ্দেকই মেরেছিলেন ১৪তম ওভারের দ্বিতীয় বলে। এরপর মুশফিক-মোসাদ্দেকের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ ওয়ানডে নয়, টেস্ট খেলছে। কিংবা ওয়ানডে হলেও তাতে লক্ষ্য ২৮৭ নয়, ১৪০-১৫০ গোছের কিছু।
মোসাদ্দেকের এই ছক্কায় যদি বাউন্ডারির বাঁধ খোলে! এই ছক্কার আগের তিন ওভারেই রান এসেছে মাত্র ৫টি! চার-ছক্কা তো নেই-ই, সিঙ্গেলেরও বালাই নেই। ওই ছক্কার পরের দুই ওভারেও একই অবস্থা! ওই ছক্কা নিয়ে ১৮তম ওভারে ১১ রান এসেছিল, এর পরের দুই ওভারে ৬ রান।
এই প্রতিবেদন লেখার সময়ে ২০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭০। মোসাদ্দেকের রান ৪০ বলে ২৪, মুশফিকের ৪২ বলে ২১।
Development by: webnewsdesign.com