গেলো এক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে, এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জলবায়ু ও জেলেদের গল্প ‘নোনা জলের কাব্য’।
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনা জলের কাব্য’ ২৬ নভেম্বর মুক্তি দেয়া হবে স্টার সিনেপ্লেক্সে। তার আগে তিনটি জেলে পাড়ায় বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে, ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিনেমা সংশ্লিষ্টরা। এ সময় ছবির পোস্টার উম্মোচন ও ট্রেইলার প্রদর্শন করা হয়।
এ সময় ছবিটির পরিচালক সুমিত জানান, দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই উঠে এসেছে নোনা জলের কাব্যে। জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই সিনেমার উপজীব্য।
‘নোনা জলের কাব্য’ সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। সিনেমাটির আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।
সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা বাবু বলেন, ‘আমি এখানে চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছি। ক্যারিশমাটিক একটি চরিত্র। সিনেমাপ্রেমীদের অনুরোধ করবো হলে গিয়ে সিনেমা দেখুন।’
গেলো এক বছরে লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটেল, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘নোনা জলের কাব্য’।
Development by: webnewsdesign.com