ব্রেকিং

x

নিত্যপণ্যের সঙ্গে ধাই ধাই করে বাড়ছে নির্মাণ সামগ্রীর দামও

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ১১:৩৯ অপরাহ্ণ |

নিত্যপণ্যের সঙ্গে ধাই ধাই করে বাড়ছে নির্মাণ সামগ্রীর দামও
ফাইল ছবি

নির্মাণ শিল্পে পণ্যমূল্যের ঊর্ধ্বগতির ধাক্কায়, প্রতি টন রডের দাম ৬৪ হাজার থেকে বেড়ে হয়েছে ৯০ হাজার টাকা। ৪০ টাকা বেড়েছে প্রতি ব্যাগ সিমেন্টের দাম। নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় প্রতি স্কয়ার ফিটে বাড়তি খরচ গুণতে হচ্ছে অন্তত সাতশ’ টাকা বেশি।

সাধারণ হিসেবে ভবন নির্মাণে প্রতি বর্গফুটের জন্য প্রয়োজন পাঁচ কেজি রড। অর্থাৎ এক হাজার বর্গফুটের জন্য গড়ে কমপক্ষে পাঁচ টন রড লাগে।

তাই বহুতল ভবন নির্মাণে মোট খরচের ১৮ থেকে ২০ ভাগই চলে যায় রডে কিনতে। বর্তমানে প্রতি টন রড বিক্রি হচ্ছে ৮৮-৯০ হাজার টাকায়। যা দু’বছর আগেও ছিল ৬৪ হাজার টাকা।

এরমধ্যে গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি টনে দাম বেড়েছে পাঁচ হাজার টাকার বেশি। এর কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কাঁচামালের সংকটকে দায়ী করছে উৎপাদনকারীরা। তবে খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন, ওই যুদ্ধ শুরুর আগে থেকেই দাম বাড়ানো হচ্ছে।

শুধু রড নয়, রড বাধা হয় যে তার দিয়ে সেটির দামও বেড়েছে অস্বাভাবিক গতিতে। নির্মাণ কোম্পানিগুলোর চেয়ে বেশি বিপাকে পড়েছে ব্যক্তিগত ভবন নির্মাতারা।

ভবনের নির্মাণের মোট খরচের পাঁচ শতাংশ লাগে সিমেন্টর জন্য। আন্তর্জাতিক বাজারের অজুহাতে দাম বাড়ানোর প্রতিযোগিতায় পিছিয়ে নেই সিমেন্ট খাতও। প্রতি বস্তা সিমেন্ট উৎপাদনে ৫০-৬০ টাকা খরচ বেড়ে গেছে বলে জানান উৎপাদনকারীরা।

উদ্যোক্তারা বলছেন, সিমেন্টের কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জাহাজ ভাড়া দ্বিগুণ বাড়ায় অচিরেই দেশের বাজারে সিমেন্টের দাম ৫০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রিহ্যাব বলছে, দু’বছরে আবাসনখাতের সাথে জড়িত ইট-বালু-পাথরে পাশাপাশি থাই, স্যানিটারি সামগ্রী, টাইলসসহ নির্মাণ শিল্পের দুই শতাধিক সামগ্রীর সবগুলোরই দাম বেড়েছে অস্বাভাবিক গতিতে। যা আবাসন খাতের জন্য অশনিসংকেত।

জিডিপিতে আবাসনখাতের অবদান ১৫ শতাংশ, তাই কর্মসংস্থানসহ সবার মাথা গোঁজার ঠাই নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছে রিহ্যাব।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com