ব্রেকিং

x

পুঁজিবাজারে কারসাজির দায়ে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী

সোমবার, ১৩ জুলাই ২০২৬ | ১১:১২ পূর্বাহ্ণ |

পুঁজিবাজারে কারসাজির দায়ে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী

পুজিবাজারে অনিয়ম ও কারসাজির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগের সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়মের ঘটনায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মোট ১ হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেক্সিমকো গ্রুপের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪২৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ট্রেডিং লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান অনড়। জনগণের অর্থ লুট করে বিদেশে পাচারকারীদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও জানান, তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত স্বল্পসুদে ঋণ নিতে পারবেন।

কৃষকদের সহায়তায় সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, ১০ হাজার টাকা পর্যন্ত মূল কৃষিঋণ সুদসহ মওকুফ কর্মসূচির আওতায় ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের হয়ে ব্যাংকগুলোকে মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে সরকার।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com