ব্রেকিং

x

অধিনায়ক তামিমের সাফল্যের কারণ জানালেন মিরাজ

বুধবার, ১৩ জুলাই ২০২২ | ৪:০৪ অপরাহ্ণ |

অধিনায়ক তামিমের সাফল্যের কারণ জানালেন মিরাজ
সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রভিডেন্স স্টেডিয়ামে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

মাশরাফি নেতৃত্বে ওয়ানডেতে যেই জয়ের ধারা চালু হয়েছিল, সেটার ধারাবাহিকতা বজায় রেখেছে তামিম ইকবালও। তার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে অপ্রতিরোধ্য বাংলাদেশ। অভিজ্ঞ তারকার অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ মেহেদী হাসান মিরাজ জানালেন তামিমের সাফল্যের পেছনের অন্যতম কারণ।

অধিনায়ক তামিমকে প্রশংসায় ভাসিয়ে মিরাজ বলেছেন, তামিম ভাই তো খুব ভালো অধিনায়কত্ব করছেন এবং সফলও হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে আমরা সিরিজ জিতেছি। চার-পাঁচটি সিরিজ জিতেছি আমরা তার নেতৃত্বে।’

তামিমের সফলতার পেছনের কারণ হিসেবে সতীর্থ সবার ভূমিকা দেখছেন এই অফ স্পিনার, ‘খুব ভালো অধিনায়কত্ব করছেন তিনি এবং সবচেয়ে বড় কথা হলো, তাকে সবাই সহায়তা করছেন পেছন থেকে। ফিল্ডার বলেন বা বোলার-ব্যাটসম্যান, সবাই সহায়তা করায় তার কাজ সহজ হয়ে যাচ্ছে।’

মিরাজের মতে, তারা পাশে থাকায় তামিমের নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যাচ্ছে, ‘সবাই যদি যার যার ভূমিকা পালন করতে পারে, তাহলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। আমরা মনে করি, খেলোয়াড়রা সবাই তার পাশে আছি, সবাই চেষ্টা করছি নিজের ভূমিকা পালন করতে।’

তামিমের নেতৃত্বে এর আগে ছয়টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এর পাঁচটিতেই জিতেছে তারা। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে এবং ২০২২ সালে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। গত বছর কেবল নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। তামিমের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পাঁচটি সিরিজ জয়ের হাতছানি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com