ব্রেকিং

x

উন্নয়নের ট্যাবলেট বেশি দিন খাওয়ানো যাবে না

সোমবার, ১৮ জুলাই ২০২২ | ৫:২৫ অপরাহ্ণ |

উন্নয়নের ট্যাবলেট বেশি দিন খাওয়ানো যাবে না
সংগৃহীত ছবি

দেশের জনগণকে উন্নয়নের ট্যাবলেট আর বেশি দিন খাওয়ানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, সরকার বাংলাদেশের মানুষকে উন্নয়নের ট্যাবলেট খাওয়াচ্ছেন। বিদ্যুতে লোডশেডিং করবেন আবার উন্নয়নের কথাও বলবেন। এই লুটপাটের উন্নয়নের ট্যাবলেট বেশি দিন খাওয়ানো যাবে না।

সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড ও শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, উন্নয়নের ট্যাবলেট খাইতে খাইতে এখন শ্রীলঙ্কা বমি করে দিয়েছে। শ্রীলঙ্কা কিন্তু এখন আর উন্নয়নের ট্যাবলেট খায় না। সেখানে খালি উন্নয়ন বলতে বলতে সব শেষ করে দিয়েছে। এখন দেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর পালিয়েছেন। আপনাদেরও যাওয়ার জায়গা আছে। ঠিকানা বলতে হবে না, আপনাদের ঠিকানা আগে থেকেই করা আছে।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল নির্বোধ ব্যক্তি। এই ফালতু নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।

এসময় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য বাহারকে ভোটের সময়ে এলাকা থেকে বের করতে প্রধান নির্বাচন কমিশনারের ব্যর্থতারও সমালোচনা করেন তিনি।

ডলার সঙ্কট প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ট্রাংক ভর্তি করে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশের বহু ডলার বিদেশে পাঁচার হয়ে গেছে। সুইস ব্যাংকেও ৩/৪ হাজার কোটি ডলার রেগুলার জমা হচ্ছে। আমার দেশের ডলার যদি সুই ব্যাংকে চলে যায় তাহলে এদেশের মানুষ কিভাবে বাঁচবে।
সরকার পতনের আন্দোলনের সময় ঘনিয়ে আসছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিকে বিভক্ত করেছেন। রাজনীতিকে সঙ্কুচিত করে দিয়েছেন। বিরোধী দলের নেতাকর্মীরদের কর্মসূচি পালন করতে দেওয়া হয় না। এদিন বেশিদিন থাকবে না। সামনের দিনগুলোত ঘর থেকে মিছিল নিয়ে রাস্তায় যাবো। এই মিছিল রমনা থেকে বের হবে, শাবাগ থেকে বের হবে, শাহজাহানপুর থেকে বের হবে, ফকিরাপুল থেকে বের হবে, মতিঝিল থেকে বের হবে। একসঙ্গে আমরা ওই বঙ্গভবন কিংবা সরকারের সচিবালয়ে ঘেরাও করবো।

মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে ও এমএ হান্নানের পরিচালনায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা ও মোশাররফ হোসেন খোকন বক্তব্য দেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com