দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) বুধবার দেশটির নতুন টি-২০ লিগে অংশ নেওয়া ছয় দলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা ঘোষণা করেছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজিই কিনেছে আইপিএলে দল থাকা প্রতিষ্ঠান।
এর মধ্যে চেন্নাই সুপার কিংস নিজে একটি দলের মালিকানা নিয়েছে। দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে দল নেওয়ার জন্য ২৯টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। কিন্তু নিলামে সবদল নিজেদের করে নিয়েছে আইপিএলে দল থাকা প্রতিষ্ঠান।
কেপটাউটের নিউল্যান্ডস ফ্র্যাঞ্চাইজি কিনেছে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপ। ডারবানের ফ্র্যাঞ্চাইজি কিনেছে লখনউ সুপার জায়ান্ট তথা আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেড। পোর্ট এলিজাবেথের ফ্র্যাঞ্চাইজির মালিক সান টিভি নেটওয়ার্ক বা সানরাইজার্স হায়দরাবাদ।
অন্যদিকে জোসানেসবার্গের ওয়ান্ডারার্স দলটির মালিকানা নিয়েছে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড। পার্লের বোল্যান্ড পার্ক গেছে রাজস্থান রয়্যালসের রয়্যাল স্পোর্টস গ্রুপের হাতে। প্রিটোরিয়া গেছে দিল্লি ক্যাপিটালসের সহযোগী মালিকানাধীন প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টসের হাতে।
দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া গ্রায়েম স্মিথ বলেছেন, ‘আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-২০ লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকদের অভিনন্দন জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য এটা আনন্দের সময়। যেসব প্রতিষ্ঠান দল কিনেছে তাতে আশ্বস্ত হওয়া যায় যে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এবং সম্প্রচার স্বত্ত্ব নেওয়া প্রতিষ্ঠান লাভবান হবে।’
Development by: webnewsdesign.com