দেশের অভ্যন্তরীণ তিন বিমানবন্দর- যশোর, সৈয়দপুর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেসে ‘অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’ প্রকল্পে ঠিকাদার নিয়োগের প্রস্তাব বাতিল করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে কমিটির বৈঠকে এসব কাজে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
একইসঙ্গে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্রয় প্রস্তাব বাতিল করে ক্রয় কাজ পুনঃপ্রক্রিয়াকরণের জন্য অনুমোদন দিয়েছে কমিটি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবে এই চার বিমানবন্দরের উন্নয়ন কাজে ঠিকাদার ও পরামর্শক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে কাজ শুরু করতে বলা হয়েছে। এসব কাজে ক্রয় কমিটি যেভাবে তাদের ঠিকাদার ও পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করে, মন্ত্রণালয় তা গ্রহণ করে নি। এজন্য মন্ত্রণালয় তা বাতিল করার প্রস্তাব করেছে।
তিনি জানান, এক্ষেত্রে বাড়তি সময় ও অর্থ ব্যয় হয়েছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।।
এদিকে সিঙ্গাপুরভিত্তিক এগ্রোকর্প ইন্টারন্যাশনাল থেকে ৫০ হাজার টন গম আমদানির খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। এতে প্রতি টনে ব্যয় হবে ৪৪৮ ডলার।
এছাড়া রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে প্রতি টন ইউরিয়া আমদানিতে ব্যয় হবে ৫৯৭ ডলার।
Development by: webnewsdesign.com