হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আখতার। তাকে বিশেষ প্রতিভা বলে উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা। তবে সেই সঙ্গে ভারতীয় অলরাউন্ডারকে সতর্কও করেছেন তিনি। হার্দিককে শোয়েবের পরামর্শ, মাঠের বাইরের জীবন বাদ দিয়ে হার্দিকের উচিত শুধু খেলার দিকে মন দেওয়া।
ফিটনেসের সমস্যা ও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ খেলার পরে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন হার্দিক। শোয়েবের মতে, দুই বছর ধরে হার্দিককে জাতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত কাজে লেগেছে। তারকা অলরাউন্ডারের দারুণভাবে কামব্যাকের এটাই আসল কারণ। টি-২০ বিশ্বকাপের আগে বিপক্ষ দলের মাথাব্যথা এখন ভারতের এই অলরাউন্ডার। ব্যাটে বলে অসাধারণ আসে। আগের থেকে যে কিনা অনেক বেশি ম্যাচিউর ও পরিপক্ক। ওর যে পরিবর্তন তা খেলার মধ্য দিয়েই প্রকাশিত হচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘বোলার হার্দিকের কামব্যাকে আমি ভীষণ খুশি। টি-২০তে পুরো স্পেল বোলিং করছেন। পাশাপাশি ব্যাট হাতে ওর অবদান টিমে ব্যালান্স এনেছে। হার্দিক ফিটনেসের উপর নজর দিয়েছেন। দেখে মনে হচ্ছে নিজের খেলাটাকে ভীষণভাবে উপভোগ করে চলেছেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশের সেরা অলরাউন্ডার হবেন হার্দিক পান্ডিয়া।’
তবে হার্দিক পান্ডিয়াকে সতর্ক করে দিয়ে শোয়েব বলেছেন, ‘হার্দিক পান্ডিয়ার মতো খুব কম প্রতিভাবান ক্রিকেটারের জন্ম হয়। লোয়ার অর্ডারে নেমে ব্যাট হাতে যে পারফরম্যান্স দেন তা অনেক সময় কিংবদন্তি ব্যাটারও করতে পারেন না। তাই মাঠের বাইরের সময়টা এখন বেশি উপভোগ না করাই ভালো। মাঠের বাইরের ঘটনা নিয়ে এর আগেও ও সমস্যায় পড়েছে। তাই এদিকটা খেয়াল রাখা প্রয়োজন।’
Development by: webnewsdesign.com