আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রেরণার উৎস। কলকাতায় বেকার হোস্টেলে সাধারণ জীবন যাপন করে মানুষের জন্য উৎসর্গ করতে তিনি নিজেকে যেভাবে প্রস্তুত করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, বাংলার মানুষের আত্মঅধিকারের স্বপ্ন দেখেছেন তা আমাদের অনুপ্রেরণা যোগায়।
মঙ্গলবার সকালে কলকাতায় ৮নং স্মিথ লেনে অবস্থিত বেকার হোস্টেলের তিন তলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে তিনি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষ ‘বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ’ ঘুরে দেখেন। বেকার হোস্টেল পরিদর্শন শেষে অনুভূতি জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা, বিশাল ব্যক্তিত্বের অধিকারী। সাধারণ পরিবেশে রাজনীতি করে তিনি বাঙালির ভাগ্য বিধাতায় পরিণত হয়েছেন। বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নের বীজ এখানেই বপন হয়েছিল, যার যৌক্তিক পরিণতিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সবার আরও অনেক জানার আছে, গবেষণার আছে। বঙ্গবন্ধুর জীবনদর্শন আমাদের অনুপ্রাণিত করে।
Development by: webnewsdesign.com