ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন নুরুর হাসান সোহান। শেষ ম্যাচে খেলতে পারবেন না টি-২০ নেতৃত্ব পাওয়া উইকেটরক্ষক ব্যাটার। তার জায়গায় দলে নেওয়া হয়েছে সাবেক টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজ খেলতে আগেই দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে গেছেন মাহমুদউল্লাহ। মঙ্গলবার (২ আগস্ট) অনুষ্ঠিত শেষ টি-২০ ম্যাচে খেলতে তার তাই সমস্যা নেই।
সোহান ইনজুরিতে পড়ায় দলে তার কোন বিকল্প ক্রিকেটার নেই। পারভেজ ইমন আছেন। কিন্তু তিনি টপ অর্ডার ব্যাটার। নাজমুল শান্ত’র চারে ব্যাট করছেন। তারও নিচে ব্যাট করার অভিজ্ঞতা নেই। এমনকি বেঞ্চে থাকা মেহেদি মিরাজও পাঁচ কিংবা ছয় নম্বর ব্যাটিং অর্ডারের চাহিদা মিটিয়ে ব্যাটিং করতে পারবেন না। সেজন্য মাহমুদউল্লাহ কাছেই ফিরতে হয়েছে টিম ম্যানেজমেন্টের।
ইনজুরিতে পড়া নুরুল হাসান সোমবারই দেশে ফিরছেন। তার জায়গায় শেষ টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ মঙ্গলবার বিকেল পাঁচটায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে। প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবুয়ে ১৭ রানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে ফিরেছে বাংলাদেশ। এবার সিরিজ জিতে সম্মান বাঁচানোর পালা অপেক্ষাকৃত তরুণ এই দলের।
Development by: webnewsdesign.com