মিয়ানমারের গণতন্ত্রপন্থিদের সামরিক আদালতে প্রহসনমূলক বিচার বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। নেতারা বলেছেন, মিয়ানমারের সামরিক শাসকরা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন আবার জেনেভা কনভেনশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সামরিক আদালতে প্রহসনমূলক বিচারের নামে হত্যা করছেন। এই হত্যাকাণ্ড অব্যাহত থাকলে গণতন্ত্র চিন্তার মানুষদের নিয়ে বাংলদেশস্থ মিয়ানমারের দূতাবাস ঘেরাও করা হবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের গণসমাবেশে নেতারা এ কথা বলেন। বাম ঐক্যের সমন্বয়কারী ও সোস্যাল ডেমক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান, মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, কায়সার মনসুর, আইনুল হক প্রমুখ।
সমাবেশ থেকে মিয়ানমারের গণতন্ত্রপন্থিদের জীবন রক্ষা ও সেখানে গণতন্ত্র ফিরিয়ে দেবার দাবিতে আগামী ৪ আগস্ট বেলা ১২টায় জাতিসংঘের ঢাকা অফিসে জাতিসংঘের মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। নেতারা আরও বলেন, বাংলাদেশেও কথায় কথায় রাষ্ট্রীয় নীতিমালা পরিবর্তন করা চলবে না।
Development by: webnewsdesign.com