বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। কয়দিন আগেও প্রধানমন্ত্রী বললেন, লোডশেডিংকে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছি। তাহলে সেই লোডশেডিং মিউজিয়াম থেকে বেরিয়ে এলো কিভাবে?
মঙ্গলবার বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘তারেক রহমান: গণতন্ত্রের অগ্রপথিক ছবির অ্যালবাম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ঢাকা শহরেই ২৪ ঘণ্টায় কতবার লোডশেডিং হয় তার কোনো হিসেব নেই। আর গ্রামে তো ১০/১২/১৮ ঘণ্টা করে লোডশেডিং হয়। এতো লোডশেডিং হলে বিদ্যুৎ খাতের হাজার হাজার কোটি টাকা গেলো কোথায়?
তিনি বলেন, সরকার প্রধান এখন বলছেন- আগামীতে দুর্ভিক্ষ হবে, জনগণকে হারিকেন নিয়ে প্রস্তুত থাকতে বললেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ফোকলা করে এখন নিজেরা নিজেদের ব্যর্থ বলে আপনারা নিজেরা সাক্ষী দিচ্ছেন।
তিনি আরও বলেন, এই সরকারকে বিদায় না করতে পারলে দেশে কখনও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। এই সরকারকে বিদায় করতে না পারলে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে না। আর তা না হলে নির্বাচন এদেশে সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। অতীতেও এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। গাইবান্ধা উপনির্বাচনও সুষ্ঠু হয়নি।
সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব রাখেন।
Development by: webnewsdesign.com