দেশের অর্থনীতিতে নারীরা ব্যাপক অবদান রাখলেও উদ্যোক্তা হতে গিয়ে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাঁদের। ব্যাংক ঋণপ্রাপ্তি সহজ করাসহ তৈরি পণ্য বাজারজাতকরণে নীতি সহায়তা দরকার নারী উদ্যোক্তাদের জন্য। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত উইমেন এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বিষয়ক স্থায়ী কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে। এর কারণ অ্যাকসেস টু ফাইন্যান্স এবং অ্যাকসেস টু মার্কেটের অভাব। নারীদের স্বল্প সুদসহ ঋণপ্রাপ্তি সহজ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
নারী উদ্যোক্তার তৈরি পণ্যের বাজার নিশ্চিত করতে পণ্যের ব্র্যান্ডিং জরুরি উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে জেলা পর্যায়ের বাণিজ্য মেলাগুলোকে প্রাধান্য দিতে হবে।
নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের পাশাপাশি জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোকে প্রশিক্ষণের ব্যবস্থা ও ব্যাংক ঋণ পেতে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
কমিটির ডিরেক্টর ইনচার্জ ড. মুনাল মাহবুব জানান, নারীদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বাবা, স্বামীসহ পরিবারের পুরুষদের গ্যারান্টার হিসেবে রাখতে হয়, যেটা অসম্মানের। পারিবারিক সহায়তা না থাকলে অনেক সময় নারীরা ঋণ পান না। এ সময় ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ইসমত জেরিন খান। এ সময় তিনি নারীর সক্ষমতা বাড়াতে নিজের জমিসহ পুঁজি কাজে লাগানোর মাধ্যমে এগিয়ে আসার তাগিদ দেন।
প্রয়োজনীয় তথ্যের অভাবে নারীরা ব্যাংক ঋণসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন না বলে মনে করেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও নাসিব চেয়ারম্যান মির্জা নুরুল গণী শোভন। নারী উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নে আরও বেশি প্রশিক্ষণ কর্মসূচি দরকার বলে মনে করেন তিনি।
এ ছাড়া সার্ভিস ওরিয়েনটেড ব্যবসায় ঋণপ্রাপ্তি, বুটিকসের ওপর ভ্যাট কমিয়ে আনা, সব জেলায় সমান প্রশিক্ষণ ব্যবস্থাসহ নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক গঠনের দাবি জানান বক্তারা।
সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী, কমিটির কো-চেয়ারম্যান স্বর্ণলতা রায়, ফাতেমা জোহরা আক্তার, সাথী বিলকিস ইয়াসমিন প্রমুখ।
Development by: webnewsdesign.com