ব্রেকিং

x

সত্য বললেন নাকি ফেবারিটের হাইপ এড়ালেন মেসি

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ৬:৪৯ অপরাহ্ণ |

সত্য বললেন নাকি ফেবারিটের হাইপ এড়ালেন মেসি
সংগৃহীত ছবি

ফুটবল বোদ্ধারা বলছেন, কাতার বিশ্বকাপের অন্যতম ফেবারিট লিওনেল মেসির আর্জেন্টিনা। জাভি হার্নান্দেজ, নেইমার জুনিয়র থেকে অলিভার কানরা মেসিদের বিশ্ব জয়ের ভালো সুযোগ দেখছেন। অথচ আর্জেন্টিনাকে ফেবারিট মনে করছেন না লিওনেল মেসি।

বিশ্লেষকরা আলবিসেলেস্তেদের ফেবারিট বলছেন পাঁচটি কারণে। একটা দল হিসেবে খেলছে তারা। মেসির নেতৃত্বে নিরঙ্কুশ সমর্থন আছে দলের সকলের। দলটিতে লিওনেল মেসির মতো ইনফর্ম, অভিজ্ঞ এবং বিশ্বের সেরা ফুটবলার আছেন। কোচ লিওনেল স্কালোনি পরিকল্পনা, কৌশলের দিক থেকেও বেশ আধুনিক এবং দলটি ৩৫ ম্যাচে অপরাজিত।

মেসি এই অপরাজিত যাত্রার মধ্যেও ‘ফাঁকি’ দেখছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবারের বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল, ফ্রান্স এবং ইংল্যান্ড। তার মতে, আর্জেন্টিনা ৩৫ ম্যাচে অপরাজিত এটা সত্য। কিন্তু ইউরোপের শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলে অপরাজিত নন তারা।

মেসি তাই ‘অতি আত্মবিশ্বাস’ বা ‘ভুল আত্মবিশ্বাস’ নিয়ে বিশ্বকাপ খেলতে চান না। তার মতে, বাস্তবতা মেনে সামনে এগোতে হবে। এই বাস্তবতা মানা, ফেবারিট তকমা গায়ে না মাখাও অবশ্য আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা তারকার কৌশল। তিনি স্বীকার করেছেন, ‘ফেবারিট হাইপের ফাঁদে’ পা দিতে চান না।

ইউনিভার্সো ভালদানোকে মেসি বলেছেন, ‘আজকের দিনে প্রতিটি জাতীয় দলই কঠিন। যেকোন দলকে হারানো কঠিন। আমাদের এই অপরাজিত থাকার (৩৫ ম্যাচে) যাত্রায় ইউরোপের দলের সঙ্গে তেমন খেলার সুযোগ হয়নি। তারা অবশ্য আমাদের (ল্যাতিন দল) বিপক্ষে খেলতেও চায় না।’

ধাপে ধাপে এগোতে চান জানিয়ে মেসি বলেছেন, ‘ফাইনালে যাওয়ার মতো ফর্ম আছে আমাদের। কিন্তু আমরা ফেবারিট এবং বিশ্বকাপ জিতবো এই বিশ্বাস আকড়ে ধরে হাইপের ফাঁদে পা দিতে চাই না। আমাদের বাস্তবতা মানতে হবে। ধাপে ধাপে এগোতে হবে।’

ফ্রান্স ও ব্রাজিল দল নিয়ে পিএসজি ফরোয়ার্ড বলেছেন, ‘ফ্রান্স খুবই ভালো দল। ক’জন ইনজুরিতে আছেন। তারপরও ভয় পাওয়ার মতো কার্যকর একটা দল তাদের। কোচ দিদিয়ের দেশম আছেন, যিনি এরই মধ্যে বিশ্বকাপ জিতেছেন। ব্রাজিলের মূল খেলোয়াড়রাও খুবই কার্যকর। বিশেষ করে তাদের ফাইনাল থার্ড, যারা প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে, তাদের নেইমারের মতো নাম্বার নাইন আছেন। আমাদের দলও ভালো। যারা ভালো ছন্দে আছে। আমরা লড়াই করবো, এখন পর্যন্ত এটাই পরিকল্পনা।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com