ব্রেকিং

x

১১ বছরে দেশে হোটেল-রেস্তোরাঁর সংখ্যা বেড়েছে দ্বিগুণ

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | ৫:৫৩ অপরাহ্ণ |

১১ বছরে দেশে হোটেল-রেস্তোরাঁর সংখ্যা বেড়েছে দ্বিগুণ
সংগৃহীত ছবি

গত ১১ বছরে দেশে হোটেল এবং রেস্তোরাঁর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের ফল অনুযায়ী, দেশে এখন হোটেল-রেস্তোরাঁর সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি। ২০২১ সাল পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়। ২০১০ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৩২৪টি।

মঙ্গলবার জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ‘হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভে ২০২১’ নামের এই প্রতিবেদন বলছে, গত ১১ বছরে সারাদেশের হোটেল ও রেস্তোরাঁয় নতুন ১১ লাখ ৬৮ হাজার কর্মসংস্থান হয়েছে। নতুন এবং পুরোনো মিলে এ খাতে মোট কর্মসংস্থান দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজারে। ২০১০ সাল পর্যন্ত হোটেল-রেস্তোরাঁয় ৯ লাখ ৪ হাজার মানুষ কাজ করতেন। গত জুনে জরিপের প্রাথমিক ফল প্রকাশ করে বিবিএস।

নতুন জরিপ অনুযায়ী, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) হোটেল-রেস্তোরাঁ খাতের অবদান কমে এসেছে। এই হার এখন ১ দশমিক ১০ শতাংশ। এক দশক আগের জরিপে এ হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ। এই খাতের বার্ষিক মূল্য সংযোজন ২২৩ শতাংশ বেড়ে ৩৮ হাজার ৭০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক দশক আগের জরিপে হোটেল-রেস্তোরাঁর মূল্য সংযোজন ছিল ১১ হাজার ৯৮৬ কোটি টাকা।

হোটেল-রেস্তোরাঁ খাতে কত মানুষ কর্মরত আছেন, জিডিপিতে অবদান কেমন ইত্যাদি তথ্য বের করতে প্রতি ১০ বছর পর এই জরিপ চালানো হয়। ২০১০ সালের আগে জরিপগুলো হয়েছিল ১৯৯২-৯৩ এবং ২০০২-০৩ অর্থবছরে।

গত বছর মার্চ ও এপ্রিলে দ্বৈচয়নের ভিত্তিতে দেশব্যাপী এই জরিপ পরিচালনা করা হয়। বিবিএসের ১৫১ জন গণনাকর্মী ও ৮০ জন সুপারভাইজার মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করেন। জরিপ অনুযায়ী, হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা সবাই মিলে বছরে গড়ে ১ লাখ ৫১ হাজার ৭১০ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। ২০০৯-১০ অর্থবছরের জরিপে এই

পরিমাণ ছিল ৩৯ হাজার ৫৬০ টাকা। আগে হোটেল-রেস্তোরাঁগুলো মোট আয়ের ১০ দশমিক ১৭ শতাংশ শ্রমিকদের পারিশ্রমিক বাবদ ব্যয় করত। সর্বশেষ জরিপে এ হার দ্বিগুণেরও বেশি বেড়ে ২৬ দশমিক ৬৪ শতাংশে উন্নীত হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com