লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসের উদযাপন এখনও শেষ হয়নি। মেসিদের অভ্যর্থনা জানাতে দেশটির প্রায় ৫০ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। তারা ‘ওলে ওলে’ গানে আর ‘ভামোস আর্জেন্টিনা’ স্লোগানে মুখরিত করে রেখেছিল রাজধানী।
মেসিরাও ভক্তদের ওই উন্মাদনা উপভোগ করছেন। প্রথমবার বিশ্বকাপ শিরোপা জেতায় সর্বকালের সেরা খ্যাতি পাওয়া আকাশি-সাদা জার্সির অধিনায়ক লিও ভক্তদের নানান বার্তা দিচ্ছেন। শিরোপা নিয়ে নানা পোজে ছবি দিয়েছেন তিনি। শিরোপা জয়ের ওই ক্ষণ এবার তিনি পিএসজি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে চান।
সংবাদ মাধ্যম গোল ডটকম সূত্রের বরাতে নিশ্চিত করেই বলেছে যে, মেসি প্যারিসে শিরোপা নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান তিনি। ওই শুভক্ষণে পিএসজির ভক্তদের সামনে শিরোপা উচিয়ে ধরতে চান। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তার ইচ্ছার প্রতি সমর্থন দিতে পারছে না।
কারণ মেসির আর্জেন্টিনা যে শিরোপা জিতেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে। লেস ব্লুজদের বিপক্ষে শিরোপা জিতে তাদের দেশের রাজধানীতে শিরোপা উচিয়ে ধরার অনুমতি দিলে ঝামেলায় পড়তে পারে পিএসজি। সেজন্য সিদ্ধান্তহীনতায় ভুগছে ক্লাব কর্তৃপক্ষ।
আগামী ২৮ ডিসেম্বর লিগ ওয়ানের মৌসুম পুনরায় শুরু হবে। এরই মধ্যে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হওয়া এমবাপ্পে ক্লাবের অনুশীলনে ফিরেছেন। নেইমার-মার্কুইনোসরা অনুশীলন শুরু করেছেন। মেসিও বিশ্বকাপ উদযাপন শেষ করে ২৫ ডিসেম্বর নাগাদ ক্লাবে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।
Development by: webnewsdesign.com