এবারের রিহ্যাব মেলায় প্রায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন গ্রাহকরা।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী আবাসন মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান রিহ্যাবের সহসভাপতি ও মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা।
লিখিত বক্তব্যে তিনি জানান, এবারের মেলায় ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৬৮ কোটি টাকার। ৮০ কোটি টাকার প্লট এবং ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বাণিজ্যিক স্পেস বুকিং ও বিক্রি হয়েছে। এ ছাড়া প্রায় ৫০ কোটি টাকার লিংকেজ শিল্পের পণ্য বিক্রি ও বুকিং হয়েছে। এবার মোট ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৬ হাজার ১৩২ জন।
উল্লেখ্য, এবারের রিহ্যাব মেলায় ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং গত বছরের তুলনায় প্রায় ৪৬ কোটি টাকা কম। গত বছরের মেলায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়।
সমাপনী অনুষ্ঠানে বলা হয়, এবারের মেলায় বিপুল জনসমাগম হয়েছে। তবে শেষ দিন মেলা রাত ৯টা পর্যন্ত চলার কথা থাকলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় দুপুর ২টার মধ্যে শেষ করা হয়েছে। তার পরও সার্বিকভাবে এবারের মেলা সফল হয়েছে। বিক্রির চেয়ে ব্র্যান্ডিংয়ের জন্যই বেশিরভাগ প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান মূল্যের ওপর ছাড়সহ নানা অফার দিয়েছে। মেলা শেষ হলেও প্রতিষ্ঠানগুলো আরও কয়েক দিন এই সুবিধা দিতে পারবে। ক্রেতারা এ জন্য পছন্দের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন।
রিহ্যাবের প্রথম সহসভাপতি কামাল মাহমুদ বলেন, ‘ড্যাপে ফ্লোর এরিয়া রেশিও বা ফার বাড়ানো হবে বলে আশা করছি। এ ছাড়া আবাসন খাতের জন্য সরকারের নীতি-সহায়তা দরকার।’
এ মেলায় প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রকল্প ও পণ্য সম্পর্কে ক্রেতাদের কাছে বিস্তারিত তুলে ধরেছেন। কোনো কোনো প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে পণ্য উপস্থাপন করেছে। প্রবাসীরাও ফ্ল্যাট-প্লটের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। মেট্রোরেলের কারণে এ বছর উত্তরা এবং মিরপুর এলাকায় ফ্ল্যাটের চাহিদা বেশি দেখা গেছে। রড-সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, নতুন ড্যাপে ফার কমে যাওয়াসহ নানা কারণে এবার ফ্ল্যাটের দাম ছিল গত বছরের চেয়ে তুলনায় বেশি।
Development by: webnewsdesign.com