স্বামী রাজের সঙ্গে সাংসারিক টানাপোড়েনের মধ্যেই নতুন ছবির প্রচারণায় ছুটলেন চিত্রনায়িকা পরীমণি। বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত, রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত সিনেমাটি আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে ছবিটির প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে যায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম। সেই টিমে ছিলেন নায়িকা পরীমণিও।
এ সময় বিএএফ শাহীনের শিক্ষার্থীদের হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখার আহ্বান জানান পরীমণি। তিনি বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ তোমাদের সিনেমা, একথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।’
পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘আমাদের এ সিনেমার মূল দর্শক বাচ্চারা। তাই সিনেমার প্রচারের অংশ হিসেবে আজ বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে এসেছি। সামনে আরও কিছু স্কুলে যাওয়ার ইচ্ছে আছে। বাচ্চাদের সঙ্গে কথা বলব সিনেমাটি নিয়ে। তাদের দেখার আমন্ত্রণ জানাব।’
সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তবে আজ বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত ছিলেন না তিনি। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন তারা। এর আগে ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম-পরী।
প্রচারণার সময় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিমের পক্ষ থেকে বিএএফ শাহীনের ছাত্রছাত্রীদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়, সঙ্গে ছিল টিফিন ও পেন বক্স।
Development by: webnewsdesign.com