ব্রেকিং

x

বাণিজ্য মেলায় জাল নোট শনাক্তে সেবা দেবে তিন ব্যাংক

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | ৫:২৭ অপরাহ্ণ |

বাণিজ্য মেলায় জাল নোট শনাক্তে সেবা দেবে তিন ব্যাংক
সংগৃহীত ছবি

বিভিন্ন মেলা ও জনসমাগম হয় এমন জায়গায় জাল নোটের বিস্তার ঘটার আশঙ্কা থাকে। এ বিবেচনায় ঢাকা আন্তর্জাতিক বণিজ্য মেলায় ব্যবসায়ী ও ক্রেতা-দর্শনার্থীর জাল নোট যাচাই সংক্রান্ত সেবা দেবে তিনটি ব্যাংক। এ বিষয়ে সহযোগিতার জন্য গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যবসায়ী ও ক্রেতাদের নোট যাচাই-সংক্রান্ত সেবা প্রদানের পাশাপাশি জাল নোট প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক, বেসরকারি খাতের ডাচ্‌-বাংলা এবং ইসলামী ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মেলা কর্তৃপক্ষের সহযোগিতার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে দেশে জাল নোট প্রচলন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও দপ্তরের সমন্বয়ে গঠিত জাল নোট প্রচলন প্রতিরোধ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কোরবানির পশুর হাট, বাণিজ্য মেলা, বই মেলাসহ এ ধরনের আয়োজনে জাল নোটের বিস্তার ঘটার আশঙ্কা থাকে। তাই এসব আয়োজনে ব্যবসায়ী ও ক্রেতা-দর্শনার্থীর জাল নোট যাচাই ও সচেতনতা বাড়াতে পোস্টার প্রদর্শন ও ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ডিসেম্বরে এ-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় জাল নোট প্রতিরোধে সক্ষমতা বাড়াতে ব্যাংকগুলো যেন সুষ্ঠুভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারে এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের মাধ্যমে একটি প্রশিক্ষণ মডিউল তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়। মডিউল অনুসারে দেশের ব্যাংকগুলো তাদের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেবে। এ ছাড়া আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র তৈরি করে সব তপশিলি ব্যাংকের শাখায় স্থাপিত মনিটরে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com