রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে (ইএফপিএফ) অংশগ্রহণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ৪৯টি তফসিলি ব্যাংক। গতকাল সোমবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে ১০ হাজার কোটি টাকার তহবিলটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম এবং সংশ্নিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা অংশগ্রহণ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বিরূপ অবস্থা বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অধিকতর অভিঘাত সহনশীল করার পাশাপাশি এ খাতের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ অর্থায়নে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।
তিনি বলেন, ইএফপিএফের অর্থায়ন কার্যক্রম শিগগিরই শুরু হবে। চার শতাংশ সুদে এ তহবিল থেকে কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রপ্তানিকারকদের দেশি মুদ্রায় ঋণ নেওয়ার সুযোগ থাকবে, যার মেয়াদ হবে ১৮০ দিন। ব্যাংক পর্যায়ে সুদহার হবে ১ দশমিক ৫ শতাংশ।
Development by: webnewsdesign.com