চীনের সন্দেহভাজন গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা জানান, বেলুনটি প্রায় ৬০ হাজার ফুট ওপরে উড়ছিল। আনুমানিক এটি প্রায় তিনটি স্কুল বাসের সমান। খবর বার্তা সংস্থা এপির।
খবরে বলা হয়, আটলান্টিক মহাসাগরে মার্কিন আঞ্চলিক জলসীমায় বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চালানো হয়।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক সেনাকর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই বেলুন ভূপাতিত করার অনুমতি দিয়েছেন। মার্কিন নৌবাহিনী ও কোস্ট গার্ড কর্মকর্তারা বেলুনটি ভূপাতিত করার পর তা উদ্ধারের জন্য প্রস্তুত ছিলেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা সফলভাবে এটি ভূপাতিত করেছি, এবং আমি আমাদের বিমানচালকদের প্রশংসা করতে চাই যারা এটি করেছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি পানির দিকে নেমে আসে। এ সময় মার্কিন সামরিক জেটগুলোকে আশপাশে উড়তে দেখা যায়। পুনরুদ্ধার অভিযানের জন্য জাহাজগুলোকে ব্যবহার করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, বেলুনটি সমুদ্রে ডুবে যাওয়ার আগে যতটা সম্ভব ধ্বংসাবশেষ উদ্ধার করার লক্ষ্য ছিল।
শনিবার সকালে বেলুনটি ক্যারোলিনাসে দেখা যায়। একে ভূপাতিত করতে চালানো অভিযানের জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ক্যারোলিনার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। যার মধ্যে চার্লসটন ও মার্টল বিচ, দক্ষিণ ক্যারোলিনা ও উইলমিংটন, উত্তর ক্যারোলিনার বিমানবন্দর রয়েছে।
এছাড়া উপকূলরক্ষী বাহিনী নাবিকদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ওড়া সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনের ওপর বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে বেলুনে গুলি চালানোর জন্য তিনি অভ্যন্তরীণভাবে তীব্র চাপের সম্মুখীন হচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেলুন নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
চীনের দাবি, এটি আবহাওয়া সংক্রান্ত বিষয়ে গবেষণার বেলুন। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে দেশটি। এ প্রেক্ষাপটে নির্ধারিত চীন সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
Development by: webnewsdesign.com